ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের অভিযোগে করা মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১০ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন। এতে শিগগিরই জামিন পাচ্ছেন না বিএনপি নেতা আসলাম চৌধুরী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, গত ৫ জানুয়ারি এ মামলায় হাইকোর্ট তাকে (আসলাম চৌধুরী) জামিন দেন। আমরা সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করি। আমাদের আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত সেই জামিন স্থগিত করেছেন। ৩০ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যের সঙ্গে ভারতে আসলাম চৌধুরী বৈঠক করেছেন– এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর আসলাম চৌধুরীকে ২০১৬ সালের ১৫ মে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে ২৫ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে পুলিশ। মামলায় অবৈধভাবে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
গোয়েন্দা সংস্থার দাবি, আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরেই মোসাদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে আসছিলেন। ওই চেষ্টা সফল হয় ২০১৫ সালের জুনে। দেশটির ক্ষমতাসীন দলের নেতা ও সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে পশ্চিমা একটি দেশে আসলাম চৌধুরীর প্রথম দফায় বৈঠক হয়। এরপর মোসাদ এজেন্টদের সঙ্গে আরও দুটি বৈঠক হয়েছে ভারতে। সবশেষ বৈঠকটি হয় ২০১৬ সালের মার্চের প্রথম সপ্তাহে।
মোসাদের সঙ্গে ‘সরকার উৎখাতের’ গোপন আলোচনার অভিযোগে ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।