চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত টেম্পু উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর কোতোয়ালী থানার কদমতলী ফ্লাইওভারে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির বয়স ৪০ বছর। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতরা হলেন- আজাদ হোসেন রাজু (২৪), সুমি নাথ (২৯), অজিত নাথ (৪০), মো. রিয়াজ (৩০), লিটন পাল (৩৬) ও মো. সিরাজুল (৫৫)।
আহতদের নিয়ে হাসপাতালে আসা আরেক টেম্পুযাত্রী মোহাম্মদ নয়ন বলেন, ‘গাড়িটি হালিশহর থেকে নিউমার্কেটের দিকে আসছিল। কদমতলী ফ্লাইওভারের মাঝখানে মোড় নিতে গিয়ে সেটি উল্টে যায়। আমি অন্য গাড়িতে ছিলাম। পরে আমরা কয়েকজন গাড়ি থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘আহত এক যাত্রী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ছয়জন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।’