তাপপ্রবাহ: অধস্তন আদালতের শুনানিতে কোট-গাউন পরতে হবে না

দেশে চলমান তাপপ্রবাহের কারণে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরতে হবে না।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে অধস্তন আদালতে মামলা শুনানিকালে পরিধেয় পোশাকের বিষয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রধান বিচারপতির আদেশক্রমে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মহোদয়গণের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত, ট্রাইব্যুনালসমূহের বিচারকবৃন্দ এবং আইনজীবীগণ ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই। এ নির্দেশনা আগামী রোববার (১৪ মে) থেকে পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবত থাকবে।’

এর আগে বিভিন্ন সময় আদালতে আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ভিন্ন ড্রেস কোড নির্ধারণের জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী।

এরপর গত বৃহস্পতিবার (১১ মে) আইনজীবীদের নির্ধারিত পোশাক পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি মামলার শুনানি করেন শফিউল আলম নামের এক আইনজীবী। তিনি নিজ চেম্বারে যাওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীদের অনেকের দাবি ‘হিট স্ট্রোকে’ আইনজীবী শফিউল আলমের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.