চট্টগ্রাম সংবাদ ডেস্ক:
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪০ হাজার ৬৬৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৩৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৬২৮ জন।
বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ৩টায় হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথোরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
সর্বশেষ হজ বুলেটিনে আরও জানানো হয়, ৩১ মে রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।