বোয়ালখালীতে একতলা ভবনের সিঁড়িঘরের চালের সাথে ঝুলন্ত অবস্থায় মো. জুনু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পূর্ব কধুরখীল ঠান্ডা মিয়া বাড়ির মৃত রহিম বক্সের ছেলে।
শনিবার (১১ মে) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বৃদ্ধের স্ত্রী বেঁচে নেই। তার তিন ছেলে প্রবাসী ও তিন মেয়ে বিবাহিতা। তিন ছেলের পরিবারের সাথে জুনু মিয়া বাড়িতে থাকতেন। ঘটনার সময় দুই ছেলের বউ ঘরে ছিলেন, এক ছেলের স্ত্রী বাইরে ছিলেন। বৃদ্ধের মৃত্যুকে রহস্যজনক বলছেন এলাকাবাসী।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।