টেকনাফে বড়ভাইয়ের সাথে অভিমান করে ছোট ভাইয়ের আত্মহত্যা

বড় ভাইয়ের সাথে কথা কাটাকাটি ও মারধরের অভিমানে নিজের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে মো. আকিব উল্লাহ (১৬) নামে এক কিশোর।

ঈদের দিন ১৭ জুন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খারাংখালীস্থ পূর্ব মহেশখালীয়া পাড়ায় ঘটেছে মর্মান্তিক এ ঘটনা। নিহত কিশোর উক্ত গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র। ময়না তদন্ত শেষে ১৮ জুন নামাজে জানাজার পর লাশ দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলম বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ছোট ভাই অভিমানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে রক্তাক্ত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিকালে এ ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদত হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্বজনদের সাথে কথা বলার পর মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য নিয়ে যায়’।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.