আরও ২ দিনের রিমান্ডে হেফাজত নেতা হারুন

নিজস্ব প্রতিবেদক :  আদালত আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত হওয়া কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহারের বিরুদ্ধে ।

আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশক আহম্মদ খন্দকারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ২১ এপ্রিল হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় এ রিমান্ড আবেদন করেন পুলিশ। মুফতি হারুন ইজাহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল জানান, হারুন ইজাহারকে হাটহাজারী থানার এক মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাতে নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজাহারকে গ্রেফতার করে র‌্যাব-৭। পরের দিন ২৯ এপ্রিল রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে গত বছরের ১৬ সেপ্টেম্বর ও গত ২৬ মার্চ তার বিরুদ্ধে করা একাধিক মামলায় ৯ দিনের রিমান্ডে নেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.