নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘সবকিছু ঠিক থাকলে তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। দিনটিও ভালো। বড়দিনের ছুটি আছে।’
এরআগে গত ১০ ডিসেম্বর লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে দলটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছিলেন তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরছেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আগামী দুই–চারদিন অথবা ১০ দিনের মধ্যে তারেক জিয়া দেশে ফিরবেন। নির্বাচনে অংশ নেবেন। দেশের নেতৃত্বে দেবেন। সেই অপেক্ষায় রয়েছি।’
২০০৭ সালের শুরুর দিকে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। এর পর থেকে তিনি সেখানেই আছেন।