ট্রাকভর্তি  মদে আগুন দিল জনতা, দুর্গন্ধের তীব্রতা ছড়াচ্ছে কেরানীহাটের আকাশে

 সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়ায় অসংখ্য ছোট পলিথিনে চোলাই মদ পাচারের সময় আটক করেছে স্থানীয়রা। পরে সেগুলো জ্বালিয়ে দিয়েছে ক্ষুদ্ধ এলাকাবাসী।

রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান থেকে চট্টগ্রাম নগরীর দিকে নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ চোলাই মদের একটি চালান। সাতকানিয়া কেরানিহাট এসে পৌঁছালে ট্রাকটি আটক করে স্থানীয় জনতা। এরপর ট্রাক থেকে চোলাই মদভর্তি বস্তাগুলো নামিয়ে আগুন দেওয়া হয়।

চোলাই মদে আগুন দেওয়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েক ব্যক্তি ট্রাক থেকে বস্তাগুলো নামিয়ে মহাসড়কের ওপর রেখে চোলাই মদভর্তি পলিথিনে আগুন দিচ্ছেন। গাড়িটিতে কী পরিমাণ চোলাই মদ ছিল, তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় চার হাজার লিটার চোলাই মদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি থানায় নিয়ে এসেছে। ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আগুনে ট্রাকে থাকা মদগুলো জ্বালিয়ে দেওয়ায় কি পরিমাণ মদ সেখানে ছিল সেটা জানা সম্ভব হয়নি।

এদিকে কেরানী হাট ব্যবসায়ী সমিতির নেতা সাহেদ খান বলেন -মদগুলি রাস্তায় জ্বালিয়ে দেওয়ায় কেরানী হাটের আকাশের তীব্র গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, একটি নির্দিষ্ট স্পটে গিয়ে ধ্বংস করলে গন্ধ হতোনা।

মন্তব্য করুন

Your email address will not be published.