মো. সেলিম উদ্দিন খাঁন
“কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা বাজার ও কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।”
“জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চিরিঙ্গা বাজার এলাকায় ‘নিউ মিষ্টি রাজ’-কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা, ‘জাকারিয়া ফ্রুট সেন্টার’-কে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা এবং ‘নিজাম ফল বিতান’-কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
“এছাড়া কাঁচা বাজার এলাকায় ‘নিউ রাজ ভবন হোটেল’-কে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যসামগ্রী উৎপাদন এবং খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি প্রতিপালন না করার অপরাধে ৫ হাজার টাকা, ‘মুড়ি বিতান’-কে মোড়কজাত পণ্যে এমআরপি (MRP) না থাকায় ৫ হাজার টাকা এবং ‘আল-কাদের স্টোর’-কে উৎপাদনের তারিখ, মেয়াদ ও এমআরপি-বিহীন মোড়কজাত শিশু খাদ্য বিক্রি এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ১০ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মিষ্টির দোকান, ফার্মেসি, সুপারশপ ও কুলিং কর্নারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়।”
“এছাড়া মূল্য তালিকা টানানোসহ বিভিন্ন বিষয়ে নিবিড়ভাবে তদারকি করা হয়েছে। এ সময় উপস্থিত ক্রেতা ও ব্যবসায়ীদের ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ বিষয়ে সচেতন করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দেওয়া হয়।”