লোহাগাড়া,ষাঁড়ের আক্রমণে নিহত -১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি ষাঁড়ের আক্রমণে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী সারাবন তহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মল্লিক ছোবহান গ্রামের নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, জসিম উদ্দিন নামে এক গরু ব্যবসায়ী ওই ষাঁড়টিকে উপজেলার পদুয়া তেওয়ারিহাটে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। পরে তিনি ষাঁড়টিকে গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখেন। কিন্তু ষাঁড়টি এক পর্যায়ে রশি ছিঁড়ে পালানোর সময় সারাবন তহুরাকে আক্রমণ করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আমান উল্লাহ বলেন, নিহত সারাবন তহুরা ওই সময় আলফা একাডেমি নামক একটি কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল। এমন সময় ষাঁড়টি তাকে পেছন দিক থেকে সজোরে আঘাত করলে গাছ ও পিলারের সঙ্গে ধাক্কা লেগে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তার নাক, মুখ ও মাথা দিয়ে প্রচণ্ড রক্তপাত হয়। পরে আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া বলেন, সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল। অতিরিক্ত রক্তকরণের ফলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে

মন্তব্য করুন

Your email address will not be published.