চট্টগ্রাম উত্তর বনবিভাগের অভিযান- ফটিকছড়িতে কাঠবোঝাই একটি জীপ গাড়ী আটক
গাড়ীটিতে সবগুলো সেগুন গাছের কাঠ-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বনের কাঠ পাচারবিরোধী এক সাঁড়াশি অভিযানে সেগুন কাঠভর্তি একটি জিপ গাড়ি জব্দ করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
গতকাল বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আজাদী বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সফিকুল ইসলামের নির্দেশনায় এবং চট্টগ্রাম সদরের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবরারুর রহমানের নেতৃত্বে শহর রেঞ্জের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে আজাদী বাজার এলাকায় ওত পেতে থাকেন বনকর্মীরা। এসময় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আসা সেগুন কাঠবোঝাই একটি জিপ গাড়িকে চ্যালেঞ্জ করলে চালক গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে জিপটি থেকে ৪২ টুকরা (৫১.১৯ ঘনফুট) সেগুন গোলকাঠ জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত কাঠ ও গাড়িটি বন বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় নাজিরহাট সরকারি কাঠের ডিপোতে হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে বন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সফল এই অভিযানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, “বনজ সম্পদ রক্ষা ও বন অপরাধ দমনে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিত চলমান থাকবে। কাঠ পাচারকারী চক্রের বিরুদ্ধে আমরা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছি।”
