বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউপির মিনজিরতলা এলাকায় লবণ মাঠে উপর অবস্থিত ‘চৌধুরী ব্রিকস’ নামের একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল। এছাড়া ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি অনুমোদিত উৎস থেকে সংগ্রহ না করা, জ্বালানি হিসেবে বনজ কাঠ ব্যবহার এবং কৃষিজমি ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী এলাকায় ভাটা স্থাপনসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
এই দিকে পরিবেশ অধিদপ্তরের এই অভিযানকে উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। তাদের দাবী আইন সবার জন্য সমান হওয়া চাই। এই রকম বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, বাহারছড়া, চাম্বল ও শেখেরখীলে অবৈধ ভাবে বনজ কাঠ পুড়িয়ে তারাও ইটভাটা পরিচালনা করা হলেও সেখানে কোন অভিযান পরিচালনা করা হয়না। পরিবেশ অধিদপ্তর একই ভাবে বাকী সব ইটভাটায় অভিযান পরিচালনা করার জন্য
স্থানীয়রা পরিবেশ অধিদপ্তরের নিকট দাবী জানান।
এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বাঁশখালী থানার পুলিশ সদস্যবৃন্দ ও সহকারী কমিশনার (ভূমি), বাঁশখালী চট্টগ্রাম এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস বলেন, ইটভাটাটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।