চট্টগ্রামে ইটভাটার মালিকের চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং গুলি করার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর নাম এস এম শহীদুল্লাহ। তিনি চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার এস এম শফির ছেলে। রাউজানে একাধিক ইটভাটা রয়েছে তাঁর। পুলিশ সূত্রে জানা গেছে, এস এম শহীদুল্লাহ চট্টগ্রাম নগরে নিজের ব্যবসায়িক কাজ শেষে একটি এসইউভি (জিপ) নিয়ে বাড়িতে ফিরছিলেন। গাড়িটির চালকের আসনে ছিলেন তিনি। ইছাপুর বাজারের চারা বটতল এলাকা অতিক্রমের সময় দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে তাঁর গাড়িটি আটকানোর চেষ্টা করে। পরে গাড়ি লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে তারা। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এস এম শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমার ওপর সম্প্রতি আরও কয়েকবার হামলা করেছে সন্ত্রাসীরা। মূলত আমার ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে তারা আমাকে টার্গেট করেছে। সন্ত্রাসীরা এর আগে আমার বাড়িঘরেও হামলা করেছে।’

জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ চট্টগ্রাম সংবাদ কে বলেন, চলন্ত একটি গাড়িতে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

মন্তব্য করুন

Your email address will not be published.