প্রধানমন্ত্রীকে নিয়ে অপ্রীতিকর বক্তব্যের পরই ছাত্রজনতার হাতে মার খেল সার্জিসরা

হবিগঞ্জ প্রতিনিধি 

 

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সদর মডেল থানার মাঝামাঝি স্থানে শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

এ ঘটনায় সারজিস আলম ও এনসিপির হবিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মাহবুবুল বারী চৌধুরী মুবিনসহ কয়েকজন আহত হয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সকালে জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ‘জুলাই জাগরণ’ পদযাত্রায় অংশ নেন। পরে বানিয়াচংয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পথসভায় বক্তব্য দেন তারা। পরে সেখান থেকে সার্কিট হাউজে ফেরার পথে হামলার শিকার হন।

এনসিপির নেতারা জানান, আজমিরীগঞ্জ ও হবিগঞ্জের পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছের সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় ফেরার পথে হামলার ঘটনা ঘটে।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন লোক এনসিপি নেতাদের মাইক্রোবাস থামিয়ে চালককে মারধর করছে। ভেতরে ছিলেন নেতারা। পরে তাদেরও নামিয়ে মারধর করা হয়। এ সময় ছবি তুলতে যাওয়া নাহিদ আহমেদ নামে এক সাংবাদিককে মারধর করে হামলাকারীরা।

হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ নেতাকর্মীরা সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখার ভেতরে আশ্রয় নেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় আধাঘণ্টা পর হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে কয়েকশ’ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।

এ সময় একদিকে একদল লোক ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। অন্যদিকে পুলিশের নিরাপত্তায় যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.