বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউপির ফাঁড়ির মুখ এলাকায় জলকদর খাল দখল করে জেটি নির্মাণের অভিযোগ ওঠেছে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ফাঁড়ির মুখের উত্তর পাশে জলকদর খালের আনুমানিক ১৫০-২০০ ফুট প্রস্থ এবং ৬০ ফুট দৈর্ঘ্যের জায়গা দখল করে এই জেটিটি নির্মাণ করা হয়েছে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হলেও ইতিমধ্যে জেটি নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড পাউবো ও উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা একে অপরকে দায়ী করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জাহাঙ্গীর আলম এলাকার প্রভাবশালী ব্যক্তি। সে যখন যে সরকার ক্ষমতায় আসেন তখন তিনি সেই ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় থাকতে তৎপর থাকেন।জলকর খাল দখল করে জেটি নির্মাণ করায় এলাকা ক্ষোভ বিরাজ করলে ও তার ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে না।
এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল জানান, ইতিমধ্যে আমরা কাজ বন্ধ করে দিয়েছি, কাজ বন্ধ রাখতে অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ ও দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য আমরা উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছি।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম বলেন, ‘এটি যেহেতু পাউবোর জায়গা। পাউবো বিষয়টি নিয়ে আমাদের অবগত করেছেন। কাজ বন্ধ রাখতে তাদেরকে আমরা মৌখিকভাবে সতর্ক করেছি।
পাউবোর পক্ষ থেকে এখনো পর্যন্ত উচ্ছেদ অভিযান সংক্রান্ত কোন চিঠি আমাদের হাতে আসেনি।