ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

 

চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ফটিকছড়িতে সাপের কামড়ে আয়াত নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১১ মে (সোমবার) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের তৈয়বিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।

এদিকে, নিহত শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে যায় আয়াত। এ সময় মায়ের অগোচরে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষার নামে সময় ক্ষেপন করে। পরে অপরাগতা দেখিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা মুহাম্মদ শওকত বলেন, সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডা. চিকিৎসা শুরু না করে পরীক্ষা-নিরীক্ষার নামে সময় নষ্ট করেছে। অন্যথায় শিশুটিকে বাঁচানো যেত।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, চিকিৎসায় অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.