ইয়াবা মামলায় গ্রেপ্তারের পর ফের অস্ত্রসহ আটক ফটিকছড়ির ইসমাইল

 

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে একটি দেশীয় এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ফটিকছড়ি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, গত ২৪ এপ্রিল ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিলেন ইসমাইল। ওই মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই আবারও অস্ত্রসহ আটক হওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, মাদক মামলায় গ্রেপ্তারের পর এত দ্রুত কীভাবে তিনি পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

র‌্যাব-৭ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.