পটিয়ায় শিশু জায়হান হত্যা,আসামি নিহা’র বাড়িঘর ভাঙচুর করেছে  উত্তেজিত জনতা

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর শিশু জায়হান হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহা’র

বাড়িঘর ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির আঙিনায় খেলাধুলার সময় শিশু জায়হানকে প্রতিবেশী সাদিয়া সুলতানা নিহা তার বাড়িতে নিয়ে জায়হানকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

হত্যাকাণ্ডের পর ঘটনাটি ধামাচাপা দিতে এবং নিজের চাচাকে ফাঁসানোর উদ্দেশ্যে একটি চিরকুট লিখে নাটক সাজানোর চেষ্টা করে নিহা। তবে চিরকুটের হাতের লেখা বিশ্লেষণ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নিহাদের বাড়ির পেছনের একটি নর্দমা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু জায়হানের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাদিয়া সুলতানা নিহা, তার বাবা মো. সাইফুদ্দিন এবং মা শাহানুর আক্তারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, শিশু জায়হানের মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান,উত্তেজিত জনতা ক্ষোভের বশে এই ঘটনা ঘটিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ বিশেষ নজর রাখছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.