সাতকানিয়ায় একই দিনে ২জনের লাশ, একটি হত্যা অপরটি মরদেহ উদ্ধার

সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুজনের মরদেহ -

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর মধ্যে ছদাহা ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপরদিকে, চরতী ইউনিয়ন থেকে মো. হাসান (৫০) নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার চরতী ও ছদাহা ইউনিয়ন থেকে পৃথকভাবে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতকানিয়ার চরতী ইউনিয়নের পানি চরতী এলাকার একটি বিদ্যুৎ খুঁটির পাশ থেকে মো. হাসানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার নলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরফলা এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গত কয়েক দিন ধরে হাসানকে ওই এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তার শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মামা সাইফুদ্দিন জানান, হাসানের মানসিক সমস্যা ছিল। তার বাবা-মা কেউই বেঁচে নেই। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে পরিবারের মধ্যে ধোঁয়াশা রয়েছে।

অন্যদিকে, উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস (পিতা: মৃত ফজল করিম) নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ঘটনার দিন জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ইউনুসের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চরতী ইউনিয়নের পানি চরতী এলাকা থেকে উদ্ধার হওয়া মো. হাসানের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনগত প্রক্রিয়া শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ছদাহা ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মো. ইউনুস নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.