নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে জেলার লোহাগাড়ায় ‘ডেভিড ইমন’ নামে পরিচিত কিশোর গ্যাং লিডার ডেভিড জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুলছাত্রকে তুলে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা, শিক্ষককে হুমকি এবং এক শিক্ষককে হামলার অভিযোগে আলোচিত এই কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডেভিড জিহাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া কিশোর গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি স্কুলশিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে গত ২৩ আগস্ট লোহাগাড়ার ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহকে (১৫) স্কুল থেকে তুলে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের একটি দল। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন সহকর্মী নাজিমকে সঙ্গে নিয়ে ইনসাফ রেস্টুরেন্টের সামনে যান। সেখানে আবদুল্লাহর সহপাঠী ও ঘটনার সঙ্গে জড়িত আয়ানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে ওই সময় আবদুল্লাহকে মারধরের সঙ্গে জড়িত অন্য কিশোররা পালিয়ে যায়।
আয়ানকে পুলিশের কাছে হস্তান্তরের পর প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনের মুঠোফোনে একটি হুমকির কল আসে বলে জানা গেছে। ওই কলের রেকর্ডে এক ব্যক্তি নিজেকে ‘ডেভিড জিহাদ’ পরিচয় দিয়ে মামলা করলে প্রধান শিক্ষক ও তার পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি নিয়ে পরে উভয়পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও এর মধ্যেই একই ঘটনার জের ধরে বিদ্যালয়ের আরেক শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলামের ওপর হামলা চালায় একদল কিশোর। এ সময় তাকে ছুরিকাঘাতসহ শরীরের অন্তত পাঁচ স্থানে গুরুতর আঘাত করা হয়। ওই হামলায় ডেভিড জিহাদের নেতৃত্ব ছিল বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় নজরুল ইসলামের পরিবার বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় মামলা করে। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
ডেভিড জিহাদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ডেভিড জিহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে