মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ ও হত্যার ঘটনায় দুই নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় প্রধান আসামি হলেন রাজিয়া সোলতানা।
অন্য আসামিরা হলেন- সবুজবাগ এলাকার কবির টাওয়ারের মালিক জাকারিয়া, তার ভাই মিজান, মিনহাজ ও নাজেম উদ্দিন, নাজেমের স্ত্রী এবং তাদের নিকটাত্মীয় তারেকুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে জাকারিয়া, মিজান, মিনহাজ ও নাজেম উদ্দিন চার ভাই। তারা সবাই দুবাইপ্রবাসী। ঘটনার দিন নাজেম উদ্দিন ছাড়া বাকি তিন ভাই দুবাইয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
মামলার বাদী ও নিহতের বড় ভাই কাইছার হামিদ বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে জিসানকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। আমরা এজাহারে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ ৭ জনের নাম উল্লেখ করেছি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি,অবিলম্বে এই চিহ্নিত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং আমার ভাই হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
এর আগে সোমবার ভোরে কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিসানকে অপহরণের অভিযোগ ওঠে। প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, অপহরণের পর জিসানকে সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নিয়ে হত্যা করা হয়। তবে পুলিশ কবির টাওয়ারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিনা তা খতিয়ে দেখছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘দুই নারীসহ ৭ জনের নামে থানায় মামলা রুজু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য যাদের আনা হয়েছিল এফআইআর এ তাদের নাম না থাকায় রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।