চন্দনাইশে অবৈধভাবে গড়ে উঠা করাতকলে উপজেলা প্রশাসনের অভিযান
রেঞ্জার এমদাদুল হকের তত্বাবধানে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়-
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। একই অভিযানে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, প্রয়োজনীয় সনদপত্র ও বিভিন্ন রেজিস্টার যাচাই করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট এলাকায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
অভিযানে অবৈধ করাতকলটি স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ৩টি করাত, ১টি চাকা, ১টি চুঙ্গি, ১টি নাক, ২টি বেল্ট এবং ২টি ট্রলির চুঙ্গি জব্দ করা হয়। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় ওষুধের দোকানেও তদারকি করা হয়। দোকানে থাকা ওষুধের মেয়াদ, প্রয়োজনীয় সনদপত্র এবং বিভিন্ন রেজিস্টার যাচাই করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, বরগুনি বিটের বিট কর্মকর্তা মো. রহমত আলী, এফজি মো. ইখতিয়ার উদ্দিন, মো. মনির হোসেন, মো. আলমগীর, মো. শহিদ উদ্দিন ছোটন, পিএম মো. মহি উদ্দীন ও মো. শাহাব উদ্দীনসহ চন্দনাইশ থানা পুলিশ, পৌরসভা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধভাবে করাতকল পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ দখল, অনিয়ম এবং পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।