খাগড়াছড়িতে অবৈধ কাঠবোঝাই ট্রাক উল্টে শিব মন্দিরের সীমানাপ্রাচীর বিধ্বস্ত

ডিএফও ফরিদ মিয়ার সহযোগিতায় অবৈধ কাঠবোঝাই ট্রাকের ছড়াছড়ি -

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাঁচ মাইল এলাকায় অবৈধ কাঠবোঝাই একটি ট্রাক উল্টে স্থানীয় একটি শিব মন্দিরের সীমানাপ্রাচীর ও টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগের নজর এড়াতে মূল সড়ক ছেড়ে সরু গ্রামীণ পথ দিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী (হেলপার) অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঠবোঝাই ট্রাকটি দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিল। পথে বন বিভাগের কর্মকর্তারা আসছেন এমন খবর পেয়ে চালক মূল সড়ক এড়িয়ে পাঁচ মাইলের গ্রামীণ সংযোগ সড়কে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সরু ও উঁচু-নিচু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পেছনের দিকে উল্টে যায়। এতে রাস্তার পাশে অবস্থিত শিব মন্দিরের সীমানাপ্রাচীর ও টিনের চালা ভেঙে পড়ে।

খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়দের অভিযোগ, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের আট ও নয় মাইল এলাকা থেকে নিয়মিত রাতের আঁধারে কাঠ পাচার করা হয়। বন বিভাগের চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা প্রায়ই মূল সড়ক বাদ দিয়ে গ্রামের ভেতরের সরু সড়কগুলো ব্যবহার করে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দীঘিনালার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বৈধ পারমিট ছাড়া এই অবৈধ কাঠ পরিবহনের সঙ্গে জড়িত।

জানা যায়, ডিএফও ফরিদ মিয়ার সহযোগিতায় অবৈধ কাঠবোঝাই ট্রাকের ছড়াছড়ি এই অঞ্চলে।

এ বিষয়ে বক্তব্যের জন্য খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.