সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠন ও এর নাম ‘উত্তর সাতকানিয়া’ নামকরণে স্থানীয় জনসাধারণের মতামত গ্রহণের লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ।
সূত্র জানায়, প্রস্তাবিত নতুন উপজেলাটিতে খাগরিয়া, কেঁওচিয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া এবং পুরানগড়—এই ছয়টি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত মতামত ও প্রত্যাশা গ্রহণের উদ্দেশ্যেই মূলত এ সভার আয়োজন করা হয়।
গণশুনানিতে বিভিন্ন শ্রেণী-পেশার স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে স্থানীয়রা নতুন উপজেলা গঠনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন। একই সাথে ছয় ইউনিয়নের অধিবাসীরা একাত্মতা প্রকাশ করে প্রস্তাবিত এই প্রশাসনিক ইউনিটের নাম ‘উত্তর সাতকানিয়া উপজেলা’ নামকরণের জোর দাবি জানান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রস্তাবিত উপজেলা গঠন করা হলে প্রশাসনিক সেবা প্রাপ্তি কতটা সহজ হবে এবং বর্তমান সাতকানিয়া উপজেলার ওপর এর সম্ভাব্য প্রভাব কেমন পড়বে—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় জনগণের মতামত ও দাবির বিষয়টি বিবেচনা করে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।