নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি গঠিত সাতকানিয়া উপজেলা সার্চ কমিটি।
রোববার দুপুরে চট্টগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সার্চ কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই সভায় দলীয় প্রার্থী বাছাই, তৃণমূলের মতামত গ্রহণ এবং ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণে তৃণমূলের মতামত, সাংগঠনিক যোগ্যতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই লক্ষ্যে পর্যায়ক্রমে সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব সভায় স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণের প্রক্রিয়ায় সহযোগিতা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।
সার্চ কমিটির সদস্যরা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে যোগ্য, সৎ, জনবান্ধব ও জনপ্রিয় নেতৃত্ব বাছাই করতে হবে বলে তাঁরা উল্লেখ করেন।
তাঁরা জানান, কোনো ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা বিভেদ নয়, দলের বৃহত্তর স্বার্থকে সামনে রেখেই সবাইকে কাজ করতে হবে।
দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, আগামী নির্বাচনে তার যথাযথ মূল্যায়ন করতে হবে বলেও তাঁরা উল্লেখ করেন।
তৃণমূলের ঐক্য অটুট রেখে দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
সভায় সার্চ কমিটির সদস্য জামাল হোসেন, চেয়ারম্যান মুজিবুর রহমান, হাজী রফিকুল আলম ও শেফায়েত উল্লাহ চক্ষু উপস্থিত ছিলেন।