নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
চিকিৎসা বিজ্ঞানের আধুনিক ছোঁয়ায় পর্যটক জেলা কক্সবাজারের চিকিৎসা সেবায় যোগ হলো এক যুগান্তকারী অধ্যায়। আধুনিক ও উন্নত প্রযুক্তির সাহায্যে কক্সবাজারে এই প্রথম সফলভাবে সম্পন্ন হয়েছে সর্বাধুনিক ‘কোবলেশন’ (Coblation) প্রযুক্তিতে টনসিল এবং এন্ডোস্কোপি ক্যামেরা পদ্ধতিতে এডিনয়েড অপারেশন।
কক্সবাজারের খরুলিয়া বাজারের বাসিন্দা বিশিষ্ট ভূমি জরিপকারী জনাব আব্দুল হাকিম-এর ৯ বছর বয়সী মেয়ের সফল অপারেশনের মাধ্যমে এই উন্নত চিকিৎসা ধারার সূচনা হলো। আর এই পুরো চিকিৎসা প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করেছেন স্বনামধন্য নাক, কান ও গলা (ENT) বিশেষজ্ঞ ও সার্জন ডা. এম. মিজানুর রহমান। অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: নুর মোহাম্মদ।
আধুনিক এই প্রযুক্তির বিশেষ সুবিধাসমূহ:
• ব্যথাহীন ও রক্তপাতহীন অপারেশন: কোবলেশন প্রযুক্তিতে অতিরিক্ত তাপের পরিবর্তে প্লাজমা ফিল্ড ব্যবহার করা হয়, ফলে অপারেশন চলাকালীন বা পরে রক্তপাত প্রায় থাকে না বললেই চলে এবং তীব্র ব্যথা থেকেও রোগীরা মুক্তি পান।
• এন্ডোস্কোপির নিখুঁত দৃশ্যমানতা: এন্ডোস্কোপি ক্যামেরা ব্যবহারের ফলে নাকের ভেতরের এডিনয়েড টিস্যু অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায় এবং শতভাগ নিখুঁতভাবে তা অপসারণ করা সম্ভব হয়।
• দ্রুত সুস্থতা: প্রচলিত ডায়াথার্মি পদ্ধতির চেয়ে এই প্রযুক্তিতে রোগীরা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক খাবার ও জীবনযাত্রায় ফিরে আসতে পারেন।
এ বিষয়ে সফল সার্জন ডা. এম. মিজানুর রহমান বলেন, “কক্সবাজারের সাধারণ মানুষের দৌড় গোড়ায় বিশ্বমানের নাক, কান ও গলার আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আধুনিক কোবলেশন প্রযুক্তির ছোঁয়ায় এই সার্জারি এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, আধুনিক ও আরামদায়ক।তবে এটি প্রচলিত ডায়াথার্মি পদ্ধতি থেকে বেশ ব্যয়বহুল,সাধারণ মানুষের পক্ষে খরচ বহন করা কিছুটা কঠিন। কোবলেশন পদ্ধতি ব্যয়বহুল হওয়ার প্রধান কারণ হলো উন্নত প্রযুক্তি ও অস্ত্রোপচারে ব্যবহৃত প্রধান প্রোপ বা ডিভাইসটি সাধারণত একবারই ব্যবহারযোগ্য (Single-use), যার খরচ অনেক বেশি ”
◦
জেনারেল হাসপাতালের এম ডি আরিফুল ইসলাম বলেন-
ডা: মিজানুর রহমান এর নেতৃত্বে কক্সবাজারের বেসরকারি “জেনারেল হাসপাতাল” এই ধরনের আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ জেলার ইএনটি চিকিৎসা সেবাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এর ফলে স্থানীয় রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর ঢাকামুখী হওয়ার প্রয়োজন নেই। টনসিল -এডিনয়েড অপারেশন সহ অন্যান্য ইএনটি অপারেশনে ডা: মিজানের উপর আস্থা রাখার আহবান জানান।
রোগীর পিতা আবদুল হাকিম জানান- কক্সবাজারেই এই উন্নত প্রযুক্তির মাধ্যমে মেয়ের অপারেশন করে অত্যন্ত খুশি,খুব অল্প সময়েই মেয়ে খাওয়া দাওয়া শুরু করতে পেরেছেন,এবং স্কুলে ফিরতে পারছে।