ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু

 

নাজিম উদ্দীন, ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে পড়ে সাদিয়া ও মারিয়া নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন এবং একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতরা হলো ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী তালুকদার বাড়ির সরোয়ারের মেয়ে সাদিয়া এবং বেলাল উদ্দীনের মেয়ে মারিয়া। তাদের বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু স্থানীয় হাজী মোশাররফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

এ ঘটনায় হায়দার আলী তালুকদার বাড়ি ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুই শিশুকে হারিয়ে পরিবার দুটির সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

মন্তব্য করুন

Your email address will not be published.