সাতকানিয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পাইপ-ফিল্টার কন্ট্রাক্টর, মধ্যম নয়াপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্য এবং কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী তৌহিদুল ইসলাম মিজবাহের ওপর কথিত কিশোর গ্যাং ও বখাটে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে কেঁওচিয়া ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মো. আজিজ, মো. জামাল, শামসুল ইসলাম, ছিনু আক্তার ও সেতারা বেগম।

 

বক্তারা বলেন, “তৌহিদুল ইসলাম মিজবাহ দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার ওপর সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং পুরো এলাকার শান্তি-শৃঙ্খলার ওপর আঘাত। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তারা আরও বলেন, “কিশোর গ্যাং লিডার ফরহাদ, আরিফ, সাইফুল ও শাহেদের দৌরাত্ম্যে এলাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা হোক। একই সঙ্গে এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.