উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
বাহারছড়ায় সরকারি পুকুরের মাছ লুটেরাদের বিরুদ্ধে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়।
চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে এই মাছ লুটের চেষ্টার ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়কে ঘটনাস্থলে পাঠিয়ে এ চেষ্টা ভণ্ডুল করে দেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিমের নেতৃত্বে বাহারচড়া ইউনিয়ন পরিষদের সরকারী পুকুরে পাম্প মেশিন বসিয়ে পানি সেচে করে মাছ লুটের চেষ্টা চালায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি পুকুরের মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।’
আইনি অনুমতি ছাড়া সরকারি পুকুরের মাছ লুটের এই চেষ্টা স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে পণ্ড হলেও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন জনগণ।
অন্যদিকে, বিএনপি নেতা দেলোয়ার আজিম সরকারি পুকুরের মাছ লুটের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মাছগুলো আমি টাকা দিয়ে কিনেছি। তাই অবৈধভাবে সরকারি পুকুরের মাছ লুটের প্রশ্নই আসে না।’