পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৫ টন চিনি লুট,পরিত্যক্ত গাড়ি উদ্ধার

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় চালককে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ১৫টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। লুট হওয়া চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। চালকের নাম মো. আলমগীর (৪৫)। তিনি চাঁদপুর জেলার আনোয়ার হোসেনের ছেলে।

বুধবার (২১ অক্টোবর) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে সকালে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, চিনিসহ ছিনতাই হওয়া কার্ভাটভ্যানটি সন্ধ্যায় কর্ণফুলী উপজেলা পরিষদের সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ তা উদ্ধার করেন।  তবে রাতে এ রিপোর্ট লেখা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।  চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম সার্বিক বিষয়ে জানতে পটিয়া থানায় ছুটে যান।

জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে অপর এক কাভার্ডভ্যান চালক আবুল কালাম রাস্তার পাশে চালক আলমগীরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

​পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামা জানান, হাসপাতালে আনার সময় ওই চালক সম্পূর্ণ অচেতন ছিলেন। তাঁর শরীরে চেতনানাশক কোনো পদার্থ প্রবেশ করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগতে পারে।

​ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটির মালিক বিশ্বজিত ঘোষ জানান,  মেঘনা কোম্পানির চিনি নিয়ে কাভার্ড ভ্যানটি নারায়নগঞ্জ থেকে ২৮টন চিনি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রাতে রওনা হয়েছিল। চট্টগ্রাম শহরে ১৩ টন চিনি নামিয়ে বাকী প্রায় ১৫টন চিনি পটিয়ার ফুলকলি ফ্যাক্টরীতে যাচ্ছে। এর মধ্যে চিনিসহ কার্ভাটভ্যানটি পটিয়া এলাকায় ছিনতাই হয়।

ফুলকলির সহকারী সাধারণ ব্যবস্থাপক (এজিএম) জসিম উদ্দিন জানান, নারায়ণগঞ্জ থেকে চিনিবাহী একটি কার্ভাটভ্যান আসার সময় পটিয়ার মনসা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  তবে কি পরিমান চিনি ছিল তা তিনি জানেন না। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

তবে চিনি সরবরাহকারী ব্যবসায়ী সিরাজুল ইসলাম কাভার্ডভ্যান চালককে সন্দেহ করে বলেন, মঙ্গলবার রাতে যখন কাভার্ডভ্যানের চালকের সাথে কথা হচ্ছিল চালক বিভিন্ন অজুহাত দেখায়। কাভার্ডভ্যানের বিভিন্ন সমস্যার কথা জানায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা বেরিয়ে আসতে পারে। ২৮ টন চিনির মধ্যে ১৩ টন চট্টগ্রাম শহরে নামানো হয়।  বাকী ১৫ টন চিনি পটিয়া ফুলকলিতে নেওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে।  লুট হওয়া চিনির মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা বলে জানান।

​পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, “ঘটনাটির খবর আমরা পেয়েছি। সন্ধ্যায় কার্ভাটভ্যানটি কর্ণফুলী উপজেলা পরিষদের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.