সাতকানিয়া সড়ক দূর্ঘটনা-পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসা পুলিশের গাড়িতে ভাঙচুর; গ্রেপ্তার ৪

 

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যুর পর মহাসড়কে অবরোধ, বাসে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও হামলাসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, মামলার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে ভিডিওচিত্রসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।

দুর্ঘটনা ও পরবর্তী ঘটনাপ্রবাহে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার নয়াখালের উত্তর পাশে ডিবিএম ইটভাটা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মারা যান মো. দেলোয়ার হোসেন (৩০)। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তার চার বছর বয়সী মেয়ে ওয়াসিফ। এ ঘটনায় পরিবারের আরও চার সদস্য আহত হন।

বাবা-মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে সাতকানিয়া থানা পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে বাধা দেয় বিক্ষুব্ধরা।

মন্তব্য করুন

Your email address will not be published.