নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও কর্তব্যরত কনস্টেবলের শটগান ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্ব নলুয়া এলাকার রুস্তম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া রুস্তম পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন মাফি (১৯) ও মো. রিফাত (১৬) এবং একই এলাকার মৃত ফররুখ আহমদের ছেলে মামুনুর রশিদ (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সাতকানিয়া থানা পুলিশের টহল গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত এক কনস্টেবলের শটগান ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে জড়িতদের শনাক্ত করে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও শটগান ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।