মিরসরাইয়ে যুবদল নেতার বাড়িতে মিললো এলজি ও রকেট প্যারাসুট ফ্লেয়ার

ডেস্ক রিপোর্ট 

চট্টগ্রামের মিরসরাইয়ে নওশাদ আলম নামে এক যুবদল নেতাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে একটি এলজিসহ ৪টি ছুরি ও ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নওশাদ আলম (৩৩) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালি এলাকার রওশোন জামান মিস্ত্রি বাড়ির জসিম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাহেরখালী ইউনিয়ের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসদৃশ দ্রব্য উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, একটি এলজি, ৪টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ নওশাদ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারো ব্যক্তিগত দায় দল নিবে না। তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.