স্বামী-সন্তানের মৃত্যুর ২৪ দিন পর চলে গেলেন রেশমী, সড়ক দুর্ঘটনায় নিঃস্ব একটি পরিবার

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সী মেয়েকে হারানোর ২৪ দিন পর না-ফেরার দেশে চলে গেলেন রেশমী আক্তার। দীর্ঘ ২৪ দিন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার রাত ৩টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর মধ্য দিয়ে একটি দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু হলো। স্বামী মো. দেলোয়ার ও ছোট্ট মেয়ে ওয়াসিফা জান্নাতের মৃত্যুর পর এবার রেশমীর বিদায়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাতে স্বামী দেলোয়ার (৩১), দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত ও পরিবারের পরিচিতজনদের নিয়ে অটোরিকশায় করে সাতকানিয়ার কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন রেশমী। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিকশাটির সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান দেলোয়ার। গুরুতর আহত অবস্থায় রেশমী ও তাঁর মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছোট্ট ওয়াসিফাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রেশমীকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে তাঁর চিকিৎসা চলছিল।

দীর্ঘ ২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকেও
একই দুর্ঘটনায় স্বামী ও সন্তানকে হারিয়ে রেশমীর জীবনসংগ্রামও শেষ হলো। অন্যদিকে একে একে ছেলে, নাতনি ও পুত্রবধূকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন পরিবারের স্বজনেরা।

সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ এলাকার এই পরিবারে এখন শোক আর হাহাকার। একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে কেড়ে নিল তিনটি জীবন, নিঃস্ব করে দিল একটি পরিবারকে।
একটি পরিবারের তিনটি প্রাণের এমন করুণ বিদায়ে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মন্তব্য করুন

Your email address will not be published.