ডেস্ক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার (মিডিয়া উইং) পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক বার্তায় জানিয়েছে, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক এমপি সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ড হিসাবের লেনদেন অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব পারপিচ্যুয়াল বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২৫ সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ড হিসাবে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দেন আদালত। একই সঙ্গে সাঈদ খোকনের নামে গুলশানের একটি ১৪ তলা ভবন ও বনানীর দুটি বাড়ি এবং তার মা শাহানা হানিফের নামে বারিধারায় থাকা জমি ও বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব আদেশ দেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত