ঢাকায় গ্রেপ্তার খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগ সভাপতি নয়ন


নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় রামগড় থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়ন রামগড় পৌরসভার আনন্দপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালায়। ডিবি পুলিশের সহায়তায় সেখান থেকে নয়নকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার দুপুরের পর তাকে ঢাকা থেকে রামগড় থানায় আনা হয়।

ওসি আরও জানান, নয়ন রামগড় থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার (মামলা নং-০৭, তারিখ- ৩১/০৫/২০২৬) ১১ নম্বর এজাহারনামীয় আসামি। পাশাপাশি একই থানার আরেকটি নিয়মিত মামলার (মামলা নং-০৩, তারিখ- ১৬/০৮/২০২৪) ৫ নম্বর আসামি তিনি।

এ দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকালে তাকে খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.