মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মীরসরাইয়ে প্রবাসফেরত শামসু উদ্দিন (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে ছোট ভাই জসিম উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্বজনেরা। পাশাপাশি সৎভাইদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের উত্তর বামনসুন্দর গ্রামের জমির আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শামসু উদ্দিন মৃত হাজী গোলাম রাব্বানীর প্রথম পক্ষের বড় ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং জীবনের ২০-২২ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরে ছোট ভাইয়ের সংসারে বসবাস করছিলেন।
স্বজনদের দাবি, পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। গত ১০ নভেম্বর স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ার পর ১১ নভেম্বর তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর তার মৃত্যু হয়।
নিহতের সৎভাই মহিউদ্দিন অভিযোগ করেন, ছোট ভাই ও তার স্ত্রীর নির্যাতনের প্রতিবাদ করায় এখন তাদের ওপর মৃত্যুর দায় চাপিয়ে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।
এই বিষয়ের অভিযুক্ত জসিম উদ্দিন সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হয় নি।”
জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম জানান, পাঁচলাইশ থানায় করা জিডির সূত্র ধরে প্রাথমিক তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্যাতনের অভিযোগ ও বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।