বন বিভাগের মামলায় হাজিরা দিতে গিয়েই গ্রেপ্তার- চিহ্নিত বনখেকো জাফর
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে সরকারি গাছ কাটার অভিযোগে দায়ের করা বন মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে মো. জাফর (৩৫) নামে এক আসামি গ্রেপ্তার হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আদালতে হাজির হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে এ মামলার প্রধান আসামি মো. বাহাদুর (৩৮) এখনো পলাতক রয়েছেন।
গ্রেপ্তার জাফর দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকার রাজা মিয়ার ছেলে। অন্যদিকে পলাতক বাহাদুর একই এলাকার শায়ের আহমদের ছেলে।
আরো পড়ুন
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের দুধপুকুরিয়া বিট রাজস্ব মোকামের নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া রেঞ্জের আওতাধীন দুধপুকুরিয়া বন বিটের ‘কলাডিঙ্গার মুখ’ নামের সংরক্ষিত বনাঞ্চলে একদল দুর্বৃত্ত অবৈধভাবে প্রবেশ করে সরকারি গাছ কাটে।
এ ঘটনায় খবর পেয়ে দুধপুকুরিয়া বিট কর্মকর্তা ও ফরেস্ট গার্ড কাজী নয়ন ইসলাম সঙ্গীয় স্টাফদের নিয়ে অভিযান চালান। অভিযানে তিনি গাছ কাটার ঘটনা উদঘাটন করেন। পরে এ ঘটনায় ১৯২৭ সালের (২০০০ সালে সংশোধিত) বন আইনের ২৬ (১ ক), (খ) ও (ঙ) ধারায় চারজনকে আসামি করে বন মামলা দায়ের করা হয়।
এই বিষয়ে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, গত ২৬ নভেম্বর ওই মামলায় আদালতে হাজিরা দিতে যান জাফর। এ সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এক নম্বর আসামি মো. বাহাদুরসহ অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।