পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংগলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে ২-৩ জন মুখোশধারী দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের পিংগলা শাখার প্রধান ফটক লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে মুহূর্তেই ফটকে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে ফায়ার স্প্রে ব্যবহার করে তা নিভিয়ে ফেলেন। পরে খবর পেয়ে পটিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবির খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান জানান, কয়েকজন মুখোশধারী এসে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে যায়। নৈশপ্রহরী ফায়ার স্প্রে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।