সাতকানিয়া প্রতিনিধি :
সাতকানিয়ায় কাজের প্রলোভনে দেখিয়ে ১৪ বছরের শিশু শ্রমিককে বলাৎকারের অভিযোগে এক বাসচালককে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাসচালকের নাম মো. জসিম (৪০)। তার বাড়ি সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট ঢেমশা এলাকায়। ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে তিনি।
সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি চায়ের দোকানে কাজ করতো। বাসচালক জসিম তাকে বাসের হেলপার হিসেবে কাজের প্রলোভন দেখায়। মঙ্গলবার রাতে শিশুটিকে রাস্তার মাথা থেকে বাসে তুলে নিয়ে কোনো এক সময় বলাৎকারের ঘটনা ঘটায়। পরে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাসচালক জসিমকে আটক করা হয়। সেই সঙ্গে ভিকটিম শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘আটক বাসচালক শিশুটিকে হেলপারের কাজ দেওয়ার কথা বলে নিয়ে এসে ঘটনাটি ঘটিয়েছে। ভিকটিম শিশুটির বাড়ি লোহাগাড়ায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’