চট্টগ্রামের খুলশী থানার পাহাড়তলী এলাকায় কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে রেলওয়ের বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া হাওলাদার (৪০)। তিনি মাদারীপুর জেলার সদর থানা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে রেলওয়ে বিদুৎবিভাগে কর্মরত ছিলেন তিনি।
মঙ্গলবার (৮ জুন) বিকেলে পাহাড়তলী কেন্টিনগেইট এলাকায় একটি বাংলোতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁন মিয়ার ভাগিনা মুজাহিদ হাওলাদার জানান, কেন্টিনগেইট এলাকায় রেলওয়ের এক কর্মকর্তার বাসভবনে বিদ্যুতের কাজ করছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, বিকেল সোয়া ৪ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।