রোগী দেখতে যাওয়ার পথে লকডাউনে বের হওয়ার দায়ে সাতকানিয়ার চিকিৎসক ডা. ফরহাদ কবিরকে জরিমানা করায় ওএসডি হওয়া সেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সফিকুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এরআগে ২ জুলাই শুক্রবার বিকেলে সাতকানিয়া পৌরসভা এলাকায় ডা. ফরহাদ কবির নামে ওই চিকিৎসককে রোগী দেখতে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংক্রমণ প্রতিরোধ আইনে ১ হাজার টাকা জরিমানা করেন ইউএনও নজরুল ইসলাম। শুধু জরিমানা করেই ক্ষান্ত হননি, চিকিৎসকদের চেম্বারে আসা-যাওয়ায় কোন বিধি-নিষেধ না থাকার কথা ওই চিকিৎসক জানালে তিনি ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে জেলে দেওয়ার ক্ষমতার হুঙ্কারও দেন।
এ ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক নেতারা ইউএনওর শাস্তির দাবিতে দ্বারস্থও হন জেলা সিভিল সার্জন থেকে শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছেও। দুদিন পর ৪ জুলাই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে সাতকানিয়া থেকে সরিয়ে নেওয়া হয়।