নিজস্ব প্রতিবেদক:
ঘরে বসে টিকা দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করলেন চট্টগ্রামের অভিজাত খুলশীর বাসিন্দা এমডি হাসান। এমন বাহাদুরি দেখিয়ে তিনি পড়লেন বিপাকে। ক্ষমতার জোর খাটানো এই এমডি হাসানকে রোববার রাত কাটাতে হল থানা হাজতে। সোমবার (৯ আগস্ট) সকালে টিকা এমন বাহাদুরির আয়োজক মোবারক আলীকেও আটক করেছে পুলিশ।
জানা গেছে, জাতীয় পরিচয় হাতে নিয়ে গেলেই টিকা দেওয়ার ঘোষণা স্বাস্থ্য অধিদফতরের। কিন্তু এই ঘোষণার কার্যকর বাস্তবায়ন না হওয়ায় কষ্টে পড়েছে মানুষ। নানা অজুহাতে টিকা ছাড়াই ফিরিয়ে দেওয়ার অভিযোগ এসেছে টিকা কেন্দ্রগুলো থেকে। চলছে বিশেষ টোকেনের বাহাদুরিও। যে টোকেন দেখালেই মিলছে টিকা। এসব টোকেন দিচ্ছে কাউন্সিলরের মত জনপ্রতিনিধিরা।
এসব সমালোচনার মধ্যেই দেখা মিললো ঘরে গিয়ে টিকা দিয়ে আসছে একটি চক্র। স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনকে ভাবিয়ে তুলেছে এ বিষয়টি।
তাই এই চক্রের সদস্য চট্টগ্রামের খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনের বাসিন্দা হাসান ও টিকা গ্রহীতা এমডি হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান চট্টগ্রাম সংবাদকে বলেন, ‘ঘরে টিকা নেওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেছে এমডি হাসান। তিনি তার বন্ধু মো. মোবারক আলীর সহায়তায় কোভিড ভ্যাকসিন ঘরে বসে নেওয়ার তথ্যও দিয়েছেন এই পোস্টে। পুলিশ খুলশী এলাকা থেকে তাদের আটক করেছে।’