কক্সবাজারের টেকনাফ থেকে মো. রফিক (২২) নামে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে রোহিঙ্গা শিবিরের ২৬ নং শালবন ক্যাম্প সংলগ্ন পাহাড়ি ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রফিক ওই ক্যাম্পের ই/৫ ব্লকের নুর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ২৬নং ক্যাম্পের ব্লক ডি/২ সংলগ্ন পাহাড়ি ঝিরির পানিতে হাত-বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা লাশটি উদ্ধার করে। পরে তার পরিচয় নিশ্চিত হবার পর থানা পুলিশের মাধ্যমে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি এবং টেকনাফের শালবন ও জাদিমুরা রোহিঙ্গা শিবিরের কর্মকর্তা (সিআইসি) মোহাম্মদ খালিদ জানান, এপিবিএন সদস্যরা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত নয়। তবে তার শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন আছে। এছাড়াও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।