৩৩ স্বর্ণের বারসহ রোহিঙ্গাকে আটক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম পয়েন্টে প্রবেশের সময় ৩৩ স্বর্ণের বারসহ জয়নাল আবেদীন (৬৫) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ৯১ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানান বিজিবি।
আটক জয়নাল (৬৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু জিরো পয়েন্টের মৃত ফজর আহমেদের ছেলে।
সোমবার (৯ আগস্ট) ভোরে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তিনি জানান, সোমবার ভোরে মিয়ানমার থেকে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা শিবিরে আসছে এমন খবরে অভিযানে যায় বিজিবি। এ সময় উখিয়ার টিভি টাওয়ার এলাকায় এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন অংশে বাঁধা অবস্থায় স্বর্ণের ৩৩টি বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য দুই কোটি ৯১ লক্ষ ৪০ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.