রাঙামাটিতে জয় দে (২৩) নামে এক পুলিশ সদেস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয় দের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলার আরশি নগর পুলিশ ক্যাম্প থেকে দেড়শ ফুট দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
রাঙামাটির অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে রোল কল করার সময় জয় দে অনুপস্থিত ছিলেন। তাকে খোঁজাখুঁজির পর ক্যাম্প থেকে দেড়শ ফুট দূরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি বলেন, ক্যাম্পের অন্যান্য সদস্যের কাছ থেকে জানতে পেরেছি রাত ১২টার পর ফোনে কথা বলছিলেন জয়। প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত বলে মনে হচ্ছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।