চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় টমটম গাড়ি ছিনতাইকালে বন্দুকসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
দুই ছিনতাইকারী হলেন, কক্সবাজার সদর উপজেলার সিটি কলেজ গেইট এলাকার মো. ইউছুপের ছেলে মো. ইউনুছ (২২) ও মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নূর মোহাম্মদের ছেলে মো. রায়হান (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকা থেকে টমটম ভাড়া নিয়ে পৌরশহরের চিরিঙ্গায় যাওয়ার সময় থানা রাস্তার মাথায় টমটম চালক মো. হোসেনকে মারধর করে টমটম গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এসময় টমটম চালক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে পাকড়াও করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে। পরে দেহ তল্লাশি করে মহেশখালীর মোঃ রায়হানের কোমরে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকরীরা সোমবার চকরিয়া থেকে আরো একটি টমটম ছিনতাই করেছে বলে পুলিশ জানায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, দুই ছিনতাইকারীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। টমটম মালিক মো. হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ছিনতাই মামলা ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা করেছেন। আটক ছিনতাইকারীদের আদালতে পাঠানো হয়েছে।