দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ২৫ আগস্ট (বুধবার) দীঘিনালা সেনা জোনের অধীন ১ নং মেরুং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রশিক নগর গুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে আনুমানিক সন্ধা ৬ ঘটিকার সময় পাহাড় ধসে গুলছড়ি – রশিক নগরের প্রধান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় বিষয়টি দীঘিনালা সেনা জোন ও বেতছড়ি সাব-জোন অবগত হলে গভীর রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটে ২ টি সেনা টহল টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। সিনিয়র ওয়ান্ট অফিসার নুরুন্নবী ও রাজ্জাক’র নের্তৃত্বে দীঘিনালা জোন ও বেতছড়ি সাব-জোনের ২ টি সেনা টহল টিম এলাকাবাসীর সহযোগিতায় মাটি কেটে সরিয়ে বন্ধ হয়ে যাওয়া সড়কটি যোগাযোগ উপযোগী করে তোলেন। এ সময় উপস্থিত ছিলেন, ১ মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমান কবির রতন, ভিডিপি পিসি মো. জামির হোসেন সহ এলাকার সচেতন মহলের অনেকেই। বেতছড়ি সাব-জোনের সিনিয়র ওয়ান্ট অফিসার নুরুন্নবী বলেন, পাহাড় ধসের ঘটনাটি অবগত হলে গভীর রাতে দীঘিনালা জোন এবং বেতছড়ি সাব-জোন থেকে ২ টি সেনা টহল টিম এসে এলাকাবাসীর সহযোগিতায় সড়ক যোগাযোগটি সচল করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও আমাদের এরূপ কাজ আব্যাহত থাকবে।