ফেসবুকে উসকানি : দুইজনের এক দিনের রিমান্ড

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার দুই মাদ্রাসাছাত্রের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- মুহাম্মাদ শিব্বির বিন নজির (২১) ও রিফাত খন্দকার (২১)। তারা ঢাকার মোহাম্মদপুর মাদ্রাসার শিক্ষার্থী।

আদালত সূত্রে জানা যায়, চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় দুই যুবককে গ্রেফতার করা হয় । সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়। ‘মুহাম্মাদ শিব্বির বিন নজির’ নামে একটি ফেসবুক আইডি থেকে গত ২৭ আগস্ট সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে তারা ছবি পোস্ট করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ হয়। সীতাকুণ্ড থানায় শিব্বির ও রিফাতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বলেন, শিব্বির ও রিফাতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের গ্রেফতার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। প্রথমে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.